কালিহাতী ও জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রসুলপুরে গতকাল শুক্রবার সিএনজিচালিত অটোরিকশার চালকসহ তিনজন নিহত ও দুজন আহত হয়েছেন। জামালপুর সদর উপজেলার মাদারীপুর এলাকায় গতকাল সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন আটোরিকশার চালক কালিহাতী উপজেলার যোকারচর গ্রামের সাদিকুল ইসলাম (২৩), যাত্রী লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার শেখসিন্ধুর গ্রামের শহর আলী (২৫), নিজঘুড্ডিবাড়ী গ্রামের জহর আলী (৩৫) এবং ময়মনসিংহের গফরগাঁও উপজেলার আজিজুর রহমান (৫৫)।
হাইওয়ে পুলিশের এলেঙ্গা ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সার্জেন্ট জাহাঙ্গীর আলম বলেন, একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা গতকাল সকাল সাতটার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের কালিহাতী উপজেলার রসুলপুর এলাকায় পৌঁছে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক সাদিকুল ইসলাম নিহত হন। হাসপাতালে নেওয়ার পর শহর আলী ও জহর আলী মারা যান। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে কালিহাতী থানায় মামলা দায়ের করা হয়েছে।
জামালপুর সদর থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলার আজিজুর রহমানসহ কয়েকজন একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে ময়মনসিংহ থেকে জামালপুরে আসছিল। পথে জামালপুরের ঘোড়াধাপের মাদারীপুর এলাকায় পৌঁছালে ময়মনসিংহের মুক্তাগাছাগামী একটি ইজিবাইকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আজিজুর রহমান নিহত ও অটোরিকশার আরও চার যাত্রী আহত হন। আহত ব্যক্তিদের ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।