কালিহাতী ছিল সবার নজরে
কালিহাতীতে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থীর বাড়িতে সেনাসদস্যদের অভিযান ও কর্মীদের প্রহারের ঘটনা গতকাল ভোটের দিন টাঙ্গাইলের নয় পৌরসভায়ই আলোচনার বিষয় ছিল। প্রশাসনেরও নজর ছিল কালিহাতীতে সবচেয়ে বেশি। ভোট চলাকালে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা কালিহাতীতে দীর্ঘ সময় অবস্থান করেন।ভোট গ্রহণের সময় কালিহাতীতে সেনাবাহিনীর টহলও ছিল সীমিত। কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলামের মতে, শান্তিপূর্ণ পরিবেশে ভোট হয়েছে। হয়তো সে কারণে সেনাবাহিনীর তৎপরতার প্রয়োজন হয়নি। তবে সেনাবাহিনী প্রস্তুত ছিল।’অবশ্য কালিহাতীসহ টাঙ্গাইলের নয়টি পৌরসভায়ই শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। মধুপুর পৌরসভায় দুটি কেন্দ্রে দুপুরে জাল ভোট দেওয়ার চেষ্টা হয়। কিন্তু প্রশাসন দ্রুত ব্যবস্থা নেওয়ায় তা সফল হয়নি। টাঙ্গাইল সদর পৌরসভার একাধিক কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকেরা প্রভাব বিস্তারের চেষ্টা করেন বলে অভিযোগ আছে। এমন তৎপরতায় জড়িত চারজনকে শহীদ জাহাঙ্গীর উচ্চবিদ্যালয় কেন্দ্র থেকে আটকের পর চার হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এদিকে রোববার রাতে কালিহাতীতে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থীর বাড়িতে অভিযান ও কর্মীদের নির্যাতনের ঘটনায় সেনাক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর মো. নেছারকেই দায়ী করে তদন্ত কমিশন। কমিটি গতকাল তদন্ত প্রতিবেদন নির্বাচন কমিশনে পাঠিয়েছে বলে জানা গেছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে রিটার্নিং কর্মকর্তা ও কালিহাতীর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (চলতি দায়িত্ব) জহিরুল ইসলাম এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল হাছানের সমন্বয়ে গঠিত কমিটি এ তদন্ত করে।পুলিশ সুপার মো. মিজানুর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, সেনাবাহিনীর সদস্যদের কালিহাতীতে একজন প্রার্থীর বাড়িতে অভিযানের বিষয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের কেউ জানতেন না। তবে ওই ঘটনায় ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। কালিহাতীর ঘটনায় সেনাবাহিনী বিভাগীয় তদন্ত করছে। ওই ঘটনায় নির্যাতিত ব্যক্তিদের কাছ থেকে সেনাসদস্যদের কেড়ে নেওয়া মোবাইল ফোনের দুটি সেট গতকাল কালিহাতী থানা থেকে সংশ্লিষ্ট ব্যক্তিরা ফেরত পেয়েছেন। ফোন ফেরত পেলেও নির্যাতিত ব্যক্তিদের মনের বেদনা কমেনি। নির্যাতিত মুকুল চন্দ্র পাল বলেন, ‘এখনো বুঝতেই পারলাম না, কেন আমাদের এমন পেটানো হলো।’ মুকুল খুঁটিয়ে খুঁটিয়ে ভোট দিতে এলেও আহত অপর তিনজন এখনো হাসপাতালে ভর্তি আছে।