কালিহাতীতে এসিড নিক্ষেপকারী রহমত উল্লাহকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের কালিহাতীতে একই পরিবারের ছয়জনের ওপর এসিড নিক্ষেপের ঘটনার একমাত্র আসামি রহমত উল্লাহকে গ্রেপ্তারের দাবিতে এসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলো সহায়ক তহবিলের উদ্যোগে গতকাল শনিবার টাঙ্গাইলে মানববন্ধন করা হয়। শহরের নিরালার মোড়ে বিকেল চারটা থেকে সাড়ে চারটা পর্যন্ত অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। মামলার তদন্তকারী কর্মকর্তা কালিহাতী থানার উপ-পরিদর্শক (এসআই) মাকসুদুল আলম জানান, বৃহস্পতিবার মামলা দায়েরের পর রহমত উল্লাহকে গ্রেপ্তারের জন্য ঘাটাইল উপজেলার সাগরদিঘীসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে, কিন্তু তাঁকে পাওয়া যায়নি। উল্লেখ্য, বল্লা গ্রামের আব্দুস সালামের সঙ্গে তাঁর ভাই রহমত উল্লাহর সীমানা নিয়ে বিরোধ ছিল। এ ঘটনার জের ধরে গত বুধবার ইফতারের সময় রহমত উল্লাহ তাঁর বড় ভাই আব্দুস সালামসহ পরিবারের সদস্যদের ওপর এসিড ছুড়ে মারেন। এতে আব্দুস সালাম ছাড়াও তাঁর স্ত্রী আলেয়া বেগম, ছেলে আলাউদ্দিন, ছেলের স্ত্রী সোহানা পারভীন এবং দুই নাতনি আফিপা আক্তার ও ফায়েকা ফায়রুজ দগ্ধ হয়।