কালিহাতীতে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের কালিহাতীতে গতকাল শনিবার সন্ধ্যায় নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত ও ২০ পুলিশসহ অর্ধশতাধিক আহত হয়েছেন। এদিকে নারান্দিয়া ইউনিয়নে ভোট গণনা শেষে সহিংসতায় ম্যাজিস্ট্রেটসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা যায়নি।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, কালিহাতী উপজেলার সহবেদপুর ইউনিয়নের সহবেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট গণনা করে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সন্ধ্যার পরে কেন্দ্র থেকে ফেরার সময় উচ্ছৃঙ্খল জনতা তাঁদের ওপর হামলা চালায়। এতে সহকারী পুলিশ সুপার (এএসপি) উত্তম প্রসাদ পাঠক, কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী, সহকারী পরিদর্শক (এসআই) শামছুল হুদা এবং টাঙ্গাইল সদর থানার পরিদর্শক (তদন্ত) ওবায়দুর রহমান আহত হন।এলাকাবাসীর ভাষ্য, এ সময় পুলিশ জনতার ওপর ব্যাপক লাঠিপেটা, গুলিবর্ষণ ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এতে গুলিবিদ্ধ হয়ে সুনুটিয়া গ্রামের মোকাদ্দেস আলীর ছেলে কায়সার (১৪) গুরুতর আহত হয়। তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রফিকুল ইসলাম বলেন, গুলিবিদ্ধ একজনকে হাসপাতালে আনা হয়। কিন্তু হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। রাত ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কিশোরের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে ছিল। এলাকাবাসী সূত্রের ভাষ্যমতে, দুজন সাধারণ সদস্য পদপ্রার্থীর সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। তবে ওই সদস্যের নাম ও বক্তব্য পাওয়া যায়নি।কালিহাতী উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান গুলিবিদ্ধ হয়ে কায়সার নামের এক কিশোরের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেছেন, সহবেদপুর ও নারান্দিয়া ইউনিয়নে পুলিশের গুলিবর্ষণ ও লাঠিপেটায় শতাধিক আহত হয়েছেন। আহত ব্যক্তিরা কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন বলে তিনি জানান।টাঙ্গাইলের পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার সাংবাদিকদের জানান, বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়ে নিহতের বিষয়টি তাঁর জানা নেই।