কালিহাতীতে দুই দলের সভা ঘিরে ১৪৪ ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের কালিহাতীতে আওয়ামী লীগ ও কৃষক শ্রমিক জনতা লীগ আজ শুক্রবার একই স্থানে একই সময় সভা আহ্বানকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। সংঘাতের আশঙ্কায় বাড়তি নিরাপত্তাব্যবস্থা নিয়েছে পুলিশ। ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
গোলযোগ এড়াতে কালিহাতীর আরএস পাইলট হাই স্কুল ও বাসস্ট্যান্ড এবং সংলগ্ন ঘাটাইলের হামিদপুর এলাকায় আজ সকাল ৬টা থেকে
রাত ১০টা পর্যন্ত ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মাহবুব হোসেন। এ ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে চারজন ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে তিনি জানান।
গত ১৮ সেপ্টেম্বর পুলিশের গুলিতে নিহত ও আহত ব্যক্তিদের উপযুক্ত ক্ষতিপূরণ এবং এ ঘটনায় দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে কৃষক শ্রমিক জনতা লীগ আজ বেলা তিনটায় কালিহাতী আরএস পাইলট হাই স্কুল মাঠে প্রতিবাদ সভার আয়োজন করেছে।
কৃষক শ্রমিক জনতা লীগের টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, তাঁরা স্থানীয় প্রশাসন, পুলিশ এবং স্কুল কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়ে ঈদের আগের দিন থেকে সভার প্রচারণা চালাচ্ছেন। এই সভায় দলের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী বীর উত্তম প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। তাঁরা যেকোনো মূল্যে নির্ধারিত সভা করবেন বলে তিনি জানান।
এদিকে আওয়ামী লীগ একই সময় একই স্থানে পুলিশের গুলিতে নিহত ব্যক্তিদের স্মরণে শোকসভার ঘোষণা দিয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাহারুল ইসলাম তালুকদার জানান, কালিহাতী পৌর আওয়ামী লীগ ঘটনার পরপরই আজকের এই কর্মসূচি নিয়েছিল। পুলিশের গুলিতে নিহত হওয়ার ঘটনা নিয়ে কাদের সিদ্দিকী বিশৃঙ্খলা সৃষ্টির জন্য কয়েক দিন যাবৎ উসকানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন মোজাহারুল ইসলাম।
গত ১৫ সেপ্টেম্বর কালিহাতীর উপজেলা সদরের সাতুটিয়া এলাকায় এক মা ও তাঁর ছেলেকে বিবস্ত্র করে নির্যাতন করা হয়। এ ঘটনার প্রতিবাদে ১৮ সেপ্টেম্বর স্থানীয় লোকজন বিক্ষোভ ও সড়ক অবরোধ করে। এতে পুলিশ গুলি চালালে চারজন নিহত হন।