কালিহাতীতে শুরু হয়েছে কিআনন্দ উৎসব

অনুষ্ঠান শুরু হওয়ার সময় ছিল সকাল ১০ টা। এর দেড় ঘণ্টা আগে, সাড়ে ৮টা থেকেই শিশু কিশোর আসতে শুরু করে অনুষ্ঠানস্থলে। ৯টার মধ্যে শিশু কিশোর ও তাদের অভিভাবকদের উপস্থিতিতে ভরে যায় কালিহাতী রামগতি শ্রী গোবিন্দ পাইলট হাইস্কুল মাঠ। উৎসব আনন্দে এখন সেখানে মেতে উঠেছে শত শত শিশু-কিশোর। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চলছে কিআনন্দ উৎসব।
কিশোর আলোর ৪র্থ জন্ম বার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় শুরু হয়েছে উৎসবের। রামগতি শ্রী গোবিন্দ পাইলট হাইস্কুলের শিক্ষার্থীদের পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় উৎসবের। এরপর দেশের গান ও নাচ পরিবেশন করে এই স্কুলে শিক্ষার্থীরা।
নাচ গানের পরেই অনুষ্ঠানের সঞ্চালক বিবর্ধন রায় ঘোষণা করেন মঞ্চে আসছেন কিশোর আলোর সম্পাদক আনিসুল হক। করতালির মধ্য দিয়ে উপস্থিত সবাই তাঁকে স্বাগত জানান। আনিসুল হক বলেন, ‘তোমাদের আলোয় সারা বাংলাদেশ আলোকিত হবে। তোমরা আলোকিত মানুষ হয়ে আলোকিত দেশ গড়ে তুলবে। সে জন্যই কিশোর আলো।’
গীতিকার কবির বকুল বলেন, কালিহাতীর মাটিতে অনেক কৃতী সন্তানের জন্ম হয়েছে। ভবিষ্যতেও এখানকার নতুন প্রজন্মের মধ্য থেকে সেরা মানুষ গড়ে উঠবে নিশ্চয়ই।
অনলাইন-ভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠান টেন মিনিটস স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক মঞ্চে এসে উপস্থিত শিশু কিশোরদের দিয়ে একযোগে করতালির মধ্য দিয়ে বৃষ্টির শব্দ সৃষ্টি করে। এতে উদ্ভাসিত হয়ে ওঠে শিশু কিশোররা।
এ উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা চলছে। উৎসব প্রাঙ্গণে কিশোর আলো, বিজ্ঞান চিন্তা, প্রথমাসহ বিভিন্ন স্টলে উপচে পড়া ভিড় রয়েছে। মুক্তিযুদ্ধ জাদুঘরের ভ্রাম্যমাণ জাদুঘর দেখতেও এর সামনে দীর্ঘ লাইন পড়েছে। দিনব্যাপী উৎসবে প্রশ্নোত্তর ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন পর্ব রয়েছে।