কালিহাতীতে ১৪৪ ধারা ভঙ্গ করে সমাবেশ
আওয়ামী লীগ ও কৃষক শ্রমিক জনতা লীগ টাঙ্গাইলের কালিহাতীতে তাদের পূর্বঘোষিত স্থানে সমাবেশ করতে পারেনি। তবে দুপক্ষই ১৪৪ ধারার আওতাধীন এলাকার পৃথক স্থানে গতকাল সংক্ষিপ্ত সমাবেশ করেছে। ১৪৪ ধারা লঙ্ঘন করে কর্মসূচি পালন করলেও প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।
১৪৪ ধারা ভঙ্গ করে সমাবেশ করার বিষয়ে জানতে চাইলে কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাসার উদ্দিন বলেন, শান্তিপূর্ণভাবে সবকিছু শেষ করা সম্ভব হয়েছে—এটাই বড় কথা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৫ সেপ্টেম্বর কালিহাতীর উপজেলা সদরের সাতুটিয়া এলাকায় একটি প্রেমঘটিত ঘটনাকে কেন্দ্র করে মা ও ছেলেকে বিবস্ত্র করে নির্যাতন করা হয়। এ ঘটনার প্রতিবাদে ১৮ সেপ্টেম্বর স্থানীয় লোকজন বিক্ষোভ করেন। এতে পুলিশ গুলি চালালে চারজন নিহত ও ৫০ জন আহত হন। পুলিশের গুলিতে নিহত ও আহত ব্যক্তিদের উপযুক্ত ক্ষতিপূরণ এবং এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে কৃষক শ্রমিক জনতা লীগ গতকাল শুক্রবার বেলা তিনটায় কালিহাতী আরএস পাইলট উচ্চবিদ্যালয় মাঠে প্রতিবাদ সভার আয়োজন করে। কালিহাতী পৌর আওয়ামী লীগও ঠিক একই সময় একই স্থানে পুলিশের গুলিতে নিহত ব্যক্তিদের স্মরণে শোক সভার ঘোষণা দেয়।
দুপক্ষের সভাকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার বিকেল থেকেই কালিহাতী ও ঘাটাইলের হামিদপুরে উত্তেজনা দেখা দেয়। জেলা প্রশাসন সম্ভাব্য গোলযোগ এড়াতে কালিহাতী আরএস উচ্চবিদ্যালয়, বাসস্ট্যান্ড এবং হামিদপুর বাসস্ট্যান্ড ও এর আশপাশের এলাকায় গতকাল সকাল ছয়টা থেকে রাত ১০টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে।
গতকাল বিকেল সাড়ে চারটার দিকে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী বীর উত্তম কালিহাতী উপজেলা সদরে এসে আরএস পাইলট উচ্চবিদ্যালয় মাঠে তাঁর জনসভাস্থলের দিকে যাওয়ার উদ্যোগ নেন। এ সময় পুলিশ তাঁকে বাধা দেয়। পরে তিনি কালিহাতী বাসস্ট্যান্ডের অদূরে বল্লা রোডে সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশে কাদের সিদ্দিকী বলেন, ‘একটি বর্বরোচিত ঘটনার প্রতিবাদ জানাতে এসেছিলাম। কিন্তু প্রতিবাদ জানাতে গিয়েও বাধার মুখে পড়তে হয়েছে।’
কাদের সিদ্দিকীর সমাবেশ চলাকালে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের পক্ষ থেকে বাসস্ট্যান্ড এলাকায় মিছিল বের করা হয়। পরে সেখানে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাহারুল ইসলাম তালুকদার বলেন, পুলিশের গুলিবর্ষণের ঘটনাকে কেন্দ্র করে কোনো পক্ষ কালিহাতীর পরিস্থিতি উত্তপ্ত করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইলে তাদের আওয়ামী লীগের পক্ষ থেকে প্রতিহত করা হবে।