কালিহাতীর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট
টাঙ্গাইলের কালিহাতীতে প্রতিবাদ বিক্ষোভের সময় গুলিতে চারজন নিহত হওয়ার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়েছে। ওই রিট আবেদনের ওপর শুনানি শুরু হয়েছে। ৩০ সেপ্টেম্বর শুনানির পরবর্তী দিন ধার্য করেছেন হাইকোর্ট।
বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী আজ সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদনটি করেন।
পরে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে এ আবেদনের ওপর আংশিক শুনানি হয়।
রিট আবেদনের পক্ষে শুনানি করেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য ও আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
পরে ফাওজিয়া করিম প্রথম আলোকে বলেন, রিট আবেদনে কালিহাতীর ঘটনার বিচার বিভাগীয় তদন্তের পর আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে।
রিট আবেদনে যাঁদের বিবাদী করা হয়েছে, তাঁরা হলেন স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), পুলিশের ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) ও অতিরিক্ত ডিআইজি (শৃঙ্খলা), টাঙ্গাইলের জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি)।
মা-ছেলেকে বিবস্ত্র করে নির্যাতন করার প্রতিবাদে এবং এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসী গত শুক্রবার কালিহাতী সদরে বিক্ষোভ মিছিল বের করে। এ সময় পুলিশ গুলি চালালে ওই দিনই তিনজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। গত রোববার গুলিতে আহত আরেকজন মারা যান। ওই ঘটনা তদন্ত করতে পুলিশ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। আর পুলিশের ওপর হামলার অভিযোগে ৭০০-৮০০ ব্যক্তিকে আসামি করে পুলিশ মামলা করায় গ্রেপ্তার আতঙ্কে আছে এলাকাবাসী।