কালিয়া হাসপাতালে পানি নেই সাত দিন
নড়াইলের কালিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে গত মঙ্গলবার থেকে পানি সরবরাহ বন্ধ রয়েছে। সংশ্লিষ্ট কর্মচারী ছুটিতে থাকায় এ অবস্থা। ফলে ভর্তি রোগীরা চরম ভোগান্তিতে রয়েছেন। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, তারা বিষয়টি জানেই না।
গত শুক্রবার সকালে সরেজমিনে দেখা গেছে, ৫০ শয্যাবিশিষ্ট এ হাসপাতালের পুরুষ, মহিলা ও শিশু ওয়ার্ডের কোথাও কলে পানি নেই। ভর্তি রোগীদের স্বজনেরা হাসপাতালের পাশের ব্যক্তিমালিকানাধীন একটি চাপকল থেকে বোতলে ভরে পানি আনছেন। মহিলা ওয়ার্ডে ভর্তি থাকা সালামাবাদ ইউনিয়নের একজন রোগীর স্বজন আমিরুন্নেছা বলেন, ‘চার দিন এহানে পানি নাই।...আমার মতো সবাই বাইরিরতে পানি আনতিছে।’
হাসপাতালের দুজন নার্সের সঙ্গে কথা বলে জানা গেছে, হাসপাতালের পানি সরবরাহ বিভাগের কর্মচারী অসীম দাস গত সোমবার (২৪ অক্টোবর) থেকে এক সপ্তাহের ছুটিতে রয়েছেন। কিন্তু পানি সরবরাহের দায়িত্ব অন্য কারও কাছে দেওয়া হয়নি। এ কারণে সমস্যার সৃষ্টি হয়েছে। বর্তমানে পৌরসভার সরবরাহকৃত পানি দিয়ে সকালে এক-দুই ঘণ্টা কোনোমতে কাজ চলছে।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তুষার কুমার পোদ্দার বলেন, কর্মচারী ছুটিতে থাকায় পানি সরবরাহে বিঘ্ন ঘটছে, এমন কথা তাঁকে কেউ জানায়নি। তিনি আরও বলেন, কালিয়া পৌরসভা কর্তৃপক্ষ সারা দিন মাত্র আধা ঘণ্টা পানি সরবরাহ করে, যা দিয়ে হাসপাতালের চাহিদা মেটানো সম্ভব নয়। কর্তৃপক্ষ বিকল্প ব্যবস্থায় পানি সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করবে।