কালিয়াকৈর ও কসবায় দুই চালক দগ্ধ
গাজীপুরের কালিয়াকৈর ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় গতকাল বৃহস্পতিবার দুর্বৃত্তদের দেওয়া আগুনে একজন বাসচালক ও একজন লেগুনাচালক দগ্ধ হয়েছেন।
সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারে একটি লেগুনায় আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে চালক এনামুল হকের (২০) মাথা, ঘাড়, হাতসহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। পরে আশপাশের লোকজন এসে আগুন নেভান। কালিয়াকৈরের আন্ধারমানিক এলাকার আবদুল কুদ্দুসের ছেলে এনামুলকে সফিপুর আনসার একাডেমি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অগ্নিদগ্ধ এনামুল বলেন, ‘সফিপুর বাজারে পৌঁছামাত্রই তিন-চারজন লোক এসে গাড়ির গতিরোধ করে। পরে গাড়ির গেট বন্ধ করে বলে, “ওরেসহ পুইড়া মার”। এ কথা বলতে বলতেই আমার শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়।’
আনসার একাডেমি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক খালিদ হোসেন জানান, এনামুলের শরীরের ১৫ ভাগ পুড়ে গেছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, এ ঘটনায় মামলা হয়েছে। এর মধ্যে আবুল হোসেন নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কসবার টি আলী বাড়ি মোড়ে একদল দুর্বৃত্ত সিদ্দিক পরিবহন নামের একটি খালি বাস থামিয়ে ভাঙচুর করে। পরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। বাস থেকে নামতে গিয়ে চালক ইসমাইল মিয়ার (৩০) হাত ও পা দগ্ধ হয়।