কালিয়াকৈর ও কেরানীগেঞ্জ পানিতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর ও ঢাকার কেরানীগঞ্জে গতকাল বৃহস্পতিবার পানিতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। কালিয়াকৈরে একসঙ্গে তিন শিশু ও দক্ষিণ কেরানীগঞ্জে দুই শিশুর লাশ পাওয়া যায়।
কালিয়াকৈরের উত্তর গজারিয়া গ্রামে বাড়ির পাশে বিলে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে হৃশিতা দাস (৭), স্বর্ণামণি দাস (১০) ও শিমলা রানী দাস (৮) নামের তিন শিশু মারা যায়।
স্বজন ও এলাকাবাসী জানান, পূজার দাওয়াতে গত মঙ্গলবার সাভারের হেমায়েতপুরের জামু-রিশিপাড়া এলাকার বাসিন্দা স্বপন দাশ, ইন্দ্রজিত দাশ ও বিকাশ দাশ তাঁদের পরিবারসহ একসঙ্গে তাঁদের আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন। গতকাল সকালে ওই বাড়ির পাশে হৃশিতা, স্বর্ণা, শিমলাসহ সাত-আটজন শিশু একটি ছোট্ট নৌকায় করে শাপলা তুলতে যায়। একপর্যায়ে নৌকাটি পানিতে তলিয়ে যায়। অন্য শিশুরা সে সময় সাঁতার কেটে পাড়ে উঠতে পারলেও ওই তিন শিশু সাঁতার না জানায় পানিতে ডুবে যায়। পরে অন্য শিশুদের চিৎকারে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহত শিশুর স্বজন প্রেমকুমার দাস জানান, হৃশিতা ও স্বর্ণা হেমায়েতপুর জামু-দাসপাড়া এলাকায় ব্র্যাক স্কুলের দ্বিতীয় শ্রেণি এবং শিমলা একই স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা উত্তরপাড়া এলাকার একটি পুকুরে ডুবে মো. ফাহিম (৭) ও মো. খোকন (৭) নামের দুই শিশু মারা গেছে। এদের মধ্যে ফাহিম শুভাঢ্যা পূর্বপাড়া এলাকার নয়া শুভাঢ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণি ও খোকন প্রথম শ্রেণির ছাত্র ছিল।
পরিবার জানায়, ফাহিম ও খোকন গত বুধবার দুপুরে ঘুড়ি নিয়ে খেলতে বাসা থেকে বের হয়ে যায়। এরপর তারা আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পরও তাদের পাওয়া যাচ্ছিল না। গতকাল ভোরে ওই পুকুরে দুই শিশুর লাশ ভাসতে দেখে মসজিদের মাইকে তা ঘোষণা করা হয়। পরে নিখোঁজ শিশুদের পরিবারের লোকজন ফাহিম ও খোকনের লাশ শনাক্ত করে।
ফাহিম শুভাঢ্যা মধ্যপাড়া এলাকার মো. মহিউদ্দিন ও খোকন উত্তরপাড়া এলাকার মালয়েশিয়াপ্রবাসী মো. শহীদের ছেলে।