কালিয়াকৈর ও রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে যাত্রীবাহী বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। উপজেলার সাওঘাট এলাকায় গতকাল সোমবার এ দুর্ঘটনা ঘটে।
একই দিন গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় অ্যাম্বুলেন্সের চাপায় এক ব্যক্তি নিহত হন।
থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রূপগঞ্জ উপজেলার সাওঘাট এলাকায় বিকেল সোয়া পাঁচটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের যাত্রীবাহী একটি বিআরটিসি বাস অটোরিকশাকে সামনে থেকে চাপা দেয়। এতে উপজেলার মাহনা গ্রামের আসাদ আলীর ছেলে অটোরিকশাচালক বাবু মিয়া (২০) ও যাত্রী আবির হোসেন (২২)। আবির একই গ্রামের বাবুল মিয়ার ছেলে বলে জানা গেছে।
এদিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দুটি স্থানে গত রোববার রাত ১০টা থেকে পরবর্তী নয় ঘণ্টার মধ্যে তিনটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এর মধ্রে গতকাল সকাল সাতটার দিকে শহিদুল ইসলাম (৪০) কালিয়াকৈরের উত্তর গজারিয়া এলাকায় তাঁর ফুফুর বাড়ি থেকে বাসায় ফিরছিলেন। পথে কালিয়াকৈরের বোর্ডঘর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি অ্যাম্বুলেন্স তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শহিদুলের মৃত্যু হয়। তিনি টাঙ্গাইলের সখীপুর উপজেলার বড়চালা এলাকার কামাল সিকদারের ছেলে।
এর আগে রোববার রাত ১০টার দিকে উপজেলার খাড়জোড়া তুরাগ সিএনজি পাম্পের সামনে ঢাকাগামী সিএনজিচালিত অটোরিকশাকে একটি যাত্রীবাহী বাস চাপা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিকশার চালক ও চার যাত্রী গুরুতর আহত হন। এর আধা ঘণ্টা পর একই স্থানে টাঙ্গাইলগামী একটি প্রাইভেট কারকে বালুভর্তি একটি ট্রাক চাপা দেয়। এতে প্রাইভেট কারের পাঁচজন আরোহী আহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
গোড়াই হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সুমন মিয়া বলেন, শহিদুল ইসলামের লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।