কালিয়াকৈর, কেরানীগঞ্জ টঙ্গীতে তিন তরুণ খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর, টঙ্গী ও ঢাকার কেরানীগঞ্জে তিন যুবক খুন হয়েছেন। গতকাল সোমবার তাঁদের লাশ উদ্ধার করা হয়। টঙ্গীতে ট্রেনে কাটা পড়া আরেক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
কালিয়াকৈর-নবীনগর সড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা-ত্রিমোড় ভাইকিং সিএনজি পাম্পের পাশে গতকাল সকালে এলাকাবাসী এক যুবকের লাশ পড়ে থাকতে দেখেন। পরে বেলা একটার দিকে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। গত রোববার রাতের কোনো একসময় দুর্বৃত্তরা যুবকটিকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করে লাশ ওই স্থানে ফেলে যায়। তাঁর পরিচয় জানা যায়নি।
গাজীপুরের টঙ্গী উপজেলার পাগাড় এলাকার তুরাগ নদ থেকে ভাসমান অবস্থায় গতকাল দুপুরে অজ্ঞাত পরিচয় আরেক যুবকের (৩৮) গলিত লাশ উদ্ধার করা হয়েছে। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালে পাঠান।
এর আগে সকাল ১০টায় টঙ্গীর তুরাগ ব্রিজের ওপর ট্রেনে কাটা পড়া অজ্ঞাত এক ব্যক্তির (৪২) লাশ উদ্ধার করে পুলিশ।
টঙ্গী রেলওয়ে ব্রিজটি পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তি মারা গেছেন বলে পুলিশ ধারণা করছে। ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা-মাওয়া মহাসড়কের দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আবদুল্লাপুর এলাকা থেকে গতকাল সকালে রতন চন্দ্র মণ্ডল (৩৫) নামের প্রবাসী এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
রতনের চাচাতো ভাই বিজয় কুমার মণ্ডল জানান, ১০ দিন আগে রতন সিঙ্গাপুর থেকে ছুটিতে দেশে আসেন। তিনি মুন্সিগঞ্জের শ্রীনগর থানার হাঁসাড়া গ্রামের বজেন্দ্র চন্দ্র মণ্ডলের ছেলে। গত রোববার সকালে রতন কেরানীগঞ্জের কোনাখালা এলাকায় শ্বশুরবাড়িতে যান। ওই দিন সন্ধ্যায়ই আবার নিজ বাড়ির উদ্দেশে রওনা দেওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।