কালিয়াকৈর টেলিফোন এক্সচেঞ্জ কার্যালয়ে ডাকাতি, আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মহিষবাথান এলাকায় ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ কার্যালয়ে গত শুক্রবার দিবাগত রাতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা বৈদ্যুতিক ট্রান্সফরমার, নগদ টাকা, টেলিফোনের তারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে গেছে। ডাকাতদের হামলায় দুজন আহত হন। পুলিশ ও টেলিফোন এক্সচেঞ্জ কার্যালয় সূত্রে জানা গেছে, ওই দিন রাত দেড়টার দিকে এক দল ডাকাত টেলিফোন এক্সচেঞ্জ কার্যালয় ভবনের কলাপসেবল গেটের তালা ভেঙে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে। এ সময় ডাকাতেরা অপারেটর শরীফ উল্লাহ ও নৈশপ্রহরী ইলিয়াসকে এলোপাতাড়ি মারধর করে। এতে তাঁরা আহত হন। পরে ডাকাতেরা ওই কার্যালয়সহ আরও দুইটি কক্ষে লুটপাট চালায়। গতকাল শনিবার সকালে গাজীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।বিটিসিএলের উপসহকারী প্রকৌশলী শহিদউল্লাহ জানান, এ ঘটনায় তিনি বাদী হয়ে গতকাল সকালে কালিয়াকৈর থানায় ডাকাতির মামলা করেছেন।