কালিয়াকৈর থানার ওসির সরকারি বাসভবনে ফাটল
গাজীপুরের কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সরকারি বাসভবনে বেশ কয়েকটি ফাটল দেখা দিয়েছে। যেকোনো মুহূর্তে একতলা ওই ভবনটি ধসে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কালিয়াকৈর থানা সূত্রে জানা গেছে, উপজেলার লতিফপুর এলাকায় অবস্থিত থানার সামনেই রয়েছে ওসির সরকারি বাসভবন এবং অন্য কর্মকর্তাদের জন্য রয়েছে দুটি বহুতল ভবন। ওসির বাসভবনটি দীর্ঘদিনের পুরোনো। কয়েক মাস আগে ভবনটিতে বেশ কয়েকটি ফাটল দেখা দিয়েছে। এ ছাড়া ভবনের বিভিন্ন স্থানে পলেস্তরা খসে পড়ছে। প্রায় দুই মাস আগে ভবনটি দ্রুত সংস্কার করার অনুরোধ জানিয়ে গণপূর্ত অধিদপ্তরের গাজীপুর কার্যালয়ে চিঠি পাঠানো হয়। কিন্তু এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সরেজমিনে দেখা গেছে, ভবনটির পূর্ব পাশে দুটি পিলার এবং দক্ষিণ-পশ্চিম পাশে দুটি পিলারের নিচে বড় ধরনের ফাটল রয়েছে। এ ছাড়া চারটি কক্ষের দেয়ালেও ফাটল দেখা যায়।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ আলম বলেন, ভবনটির অবস্থা খুবই খারাপ। গণপূর্ত বিভাগে চিঠি দেওয়া হলেও কোনো কাজ হয়নি। ওসি ওমর ফারুক বলেন, ঝড়-বৃষ্টি শুরু হলে পুরো ভবন কাঁপতে থাকে। আতঙ্কের মধ্যে ভবনটিতে বাস করছেন তিনি।