কালিয়াকৈর থানার সেই এএসআইকে প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাঁজা সেবনের অভিযোগে গ্রেপ্তার করা আসামির স্বজনদের কাছ থেকে ঘুষ দাবি করা গাজীপুরের কালিয়াকৈর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জাকির হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। গাজীপুরের পুলিশ সুপারের নির্দেশে গতকাল শনিবার সকালে তাঁকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, জাকির হোসেন প্রায় আট মাস কালিয়াকৈর থানার ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পে দায়িত্ব পালন করেন। সেখান থেকে সম্প্রতি কালিয়াকৈর থানায় আসেন। ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্প ও কালিয়াকৈর থানায় থাকাকালে তিনি নিরীহ মানুষদের ধরে মাদক মামলাসহ বিভিন্ন মামলার ভয়ভীতি দেখিয়ে ঘুষ গ্রহণ করেন।
এ বিষয়ে গতকাল প্রথম আলোয় ‘আসামি ছাড়ি কেমনে’ শিরোনামে খবর ছাপা হয়। খবরটি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এলে ওই পদক্ষেপ নেওয়া হয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, পুলিশ সুপার আবদুল বাতেনের নির্দেশে এএসআইকে প্রত্যাহার করা হয়েছে।
১২ জানুয়ারি রাতে জাকির হোসেন দুই কনস্টেবল নিয়ে কালিয়াকৈরের মাটিকাটা এলাকা থেকে আনোয়ারুল নামের এক যুবককে গ্রেপ্তার করেন। তিনি একটি কারখানার বিক্রয় প্রতিনিধি। পরে তাঁকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার দেখিয়ে একটি মামলা করেন।
ওই ঘটনায় ওই দিন রাতে এবং পরদিন ১৩ জানুয়ারি দুই দফায় আসামির স্বজনদের কাছ থেকে ১০ হাজার টাকা ঘুষ নেন। একই সঙ্গে আসামির স্বজনেরা তাঁদের সঙ্গে কথোপকথন মুঠোফোনে ধারণ করেন।