কালিয়াকৈর থানায় ঝুলিয়ে এক যুবককে পেটাল পুলিশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোটরসাইকেল চুরির ঘটনায় জড়িত সন্দেহে গাজীপুরের কালিয়াকৈর থানায় গত শুক্রবার রাতে শহীদুর রহমান নামের এক যুবককে রশি দিয়ে বেঁধে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখে পুলিশ। পরে ঝুলন্ত অবস্থায় পুলিশ তাঁকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার গোসাত্রা গ্রাম থেকে গত শুক্রবার দুপুরে শহীদুল ইসলাম নামের এক ব্যক্তির মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় শহীদুল কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন। এতে কারও নাম উল্লেখ করা হয়নি।কিন্তু ওই মোটরসাইকেল চুরির ঘটনায় জড়িত সন্দেহে কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মুরাদ শেখ শুক্রবার সন্ধ্যার দিকে গোসাত্রা গ্রামে গিয়ে শহীদুর রহমান ওরফে স্বপনকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারের পর ওই রাতে থানার উপপরিদর্শকের কক্ষে ফ্যানের হুকের সঙ্গে স্বপনের হাত রশি দিয়ে বেঁধে ঝোলানো হয়। এই সময় চুরির দায়িত্ব স্বীকার করার জন্য স্বপনকে চাপ দেয় পুলিশ। কিন্তু তিনি এ অভিযোগ অস্বীকার করায় একপর্যায়ে তাঁকে লাঠি দিয়ে পেটানো হয়। পরে তাঁকে থানার হাজতে রাখা হয়। গতকাল শনিবার পর্যন্ত তাঁকে থানার হাজতেই রাখা হয়।স্বপনের বাড়ি গোসাত্রা গ্রামে। নিজ গ্রামেই তাঁর একটি স্টেশনারি দোকান রয়েছে। স্বপনের একজন নিকট আত্মীয়ের দাবি, স্বপন নিরপরাধ। তাঁকে তাঁর দোকান থেকে ধরে নিয়ে যায় পুলিশ। তারপর ওই নির্যাতন চালায়।নির্যাতনের অভিযোগ অস্বীকার করে কালিয়াকৈর থানার এসআই মুরাদ শেখ প্রথম আলোকে বলেন, ‘স্বপনকে ভয়ভীতি দেখানোর জন্য রশি দিয়ে বেঁধে ঝুলিয়ে রেখেছিলাম।’ কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, এই ঘটনায় অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। থানায় ঝুলিয়ে স্বপনকে পেটানোর বিষয়টি তাঁর জানা নেই বলে মন্তব্য করেন ওসি।