কালিয়াকৈর পৌর নির্বাচন বর্জনের ঘোষণা মেয়র প্রার্থীর
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী রেজাউল করিম। ত্রুটিপূর্ণ ভোটার তালিকা দিয়ে ভোট নেওয়া হচ্ছে দাবি করে গতকাল রোববার তিনি এ ঘোষণা দেন।গতকাল উপজেলার চন্দ্রা (পল্লী বিদ্যুৎ) বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে রেজাউল করিম বলেন, ভোটার তালিকায় ত্রুটি থাকায় গত ১৭ জানুয়ারি পৌরসভার ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের আটটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। পরে উপজেলা রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল কবীর ওই আট কেন্দ্রে ২৬ অক্টোবর আবার নির্বাচন অনুষ্ঠানের তারিখ ঘোষণা করেছেন। তবে ওই ত্রুটিপূর্ণ ভোটার তালিকায় কোনো সংশোধন আনা হয়নি। পরে রেজাউলের শতাধিক সমর্থক ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ সমাবেশ করে।এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা শওকত আলী বলেন, পৌরসভার স্থগিত আটটি কেন্দ্রের ভোটার তালিকা ত্রুটিমুক্ত ও হালনাগাদ করে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে।