কালিয়াকৈর পৌরসভার নিম্নাঞ্চল প্লাবিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন দিনের টানা বর্ষণে গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার কয়েকটি এলাকার পাঁচ শতাধিক ঘরবাড়ি প্লাবিত হয়েছে। শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন অংশ পানিতে ডুবে যাওয়ায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।কালিয়াকৈর পৌর এলাকার বাসিন্দারা জানান, পৌরসভার বিশ্বাসপাড়া, শিয়ালপাড়া, হাবিবপুর, হরিণহাটি, পূর্ব চন্দ্রা, রূপনগর, রাখালিয়াচালাসহ প্রায় ১০টি এলাকার পাঁচ শতাধিক বাড়িঘর প্লাবিত হয়েছে। ফলে হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।সরেজমিনে দেখা গেছে, বিশ্বাসপাড়া এলাকায় ডুবে যাওয়া প্রধান সড়কের ওপর লোকজন মাছ ধরছে। সড়কের কোনো কোনো স্থানে কোমরসমান পানি হয়েছে। ওই এলাকার অধিকাংশ বাড়ির ঘরের ভেতর পানি প্রবেশ করেছে। একই অবস্থা দেখা গেছে উপজেলার হরিণহাটি এলাকায়। হরিণহাটির রবিউল ইসলাম জানান, পানি নিষ্কাশনের সুব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতেই পানি জমে এ পরিস্থিতির সৃষ্টি হয়। আশপাশের প্রায় সব বাড়ি প্লাবিত হয়েছে। রমজান মাসে চরম ভোগান্তিতে পড়েছে মানুষ।কালিয়াকৈর পৌর প্রশাসক মজিবুর রহমান প্রথম আলোকে জানান, পৌরসভার হরিণহাটি, বিশ্বাসপাড়া ও রূপনগরসহ কয়েকটি এলাকা খুবই নিচু। তাই এসব এলাকা প্লাবিত হয়েছে। তিনি দাবি করেন, এসব এলাকায় পানি নিষ্কাশনব্যবস্থা রয়েছে, কিন্তু অতিবৃষ্টি হওয়ায় সেগুলো কাজে আসছে না।এদিকে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন অংশ পানিতে ডুবে যাওয়ায় গতকাল যানবাহন চলেছে থেমে থেমে। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম জানান, ভোর চারটার দিকে ওই সড়কের দুটি ভাঙা অংশে মালবাহী দুটি ট্রাক আটকে যায়। এ কারণে যানবাহনগুলো সড়কের এক দিক দিয়ে চলাচল করে। ফলে থেমে থেমে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে।এদিকে বরমী-শ্রীপুর সড়কের কাজীর পুল এলাকায় একটি কালভার্ট ভেঙে যাওয়ায় ওই সড়কেও যান চলাচল বন্ধ রয়েছে।