কালিয়াকৈর বাজার সমিতির নির্বাচন স্থগিত
গাজীপুরের কালিয়াকৈর বাজারের ব্যবসায়ীদের বহুমুখী বণিক সমবায় সমিতির কার্যকরী কমিটির নির্বাচন গতকাল বুধবার জেলা সমবায় কর্মকর্তা মিজানুর রহমান স্থগিত ঘোষণা করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, সমিতির আকবর আলী নামের এক সদস্য নির্বাচনের বৈধতার ব্যাপারে অভিযোগ করেছেন। অভিযোগে বলা হয়, সমিতি গত তিন বছরে কোনো সাধারণ সভা ডাকেনি। ভোটার তালিকাও হালনাগাদ করা হয়নি। এ তালিকায় বেশ কয়েকজন অবৈধ ভোটার রয়েছেন, অথচ বাজারের প্রকৃত ব্যবসায়ীদের এ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। কিন্তু কয়েক দিন আগে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে, যা বিধিসম্মত নয়।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে ইউএনওর সুপারিশে জেলা সমবায় কর্মকর্তা মিজানুর রহমান ওই সমিতির নির্বাচন স্থগিত ঘোষণা করেন। ইউএনও মাহমুদুল মুরাদ প্রথম আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।