কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে কারখানাসহ সাতটি দোকান পুড়ে ছাই
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় গতকাল সোমবার একটি কারখানা ও সাতটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।দমকল বাহিনী ও এলাকাবাসী সূত্র জানায়, ভোর পৌনে পাঁচটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে মৌচাক এলাকায় তিতাস গ্যাস পাইপলাইন থেকে সংলগ্ন একটি দোকানে আগুন লেগে যায়। সেখান থেকে আগুন মুহূর্তের মধ্যে গ্যাাস লাইন-লাগোয়া ফজলু মিয়ার মার্কেটে ছড়িয়ে পড়ে। এতে মার্কেটের সাতটি দোকান মুহূর্তে পুড়ে ছাই হয়ে যায়। আগুনের লেলিহান শিখা মার্কেটের শেষ প্রান্তের ইউএস থ্রেড নামের ডাইং কারখানাটিতেও ছড়িয়ে পড়ে। পরে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। মার্কেটের মালিক ফজলু মিয়া জানান, গ্যাস পাইপলাইনের ওই স্থানে মাঝেমধ্যেই আগুন ধরে যায়। এ ব্যাপারে তিতাস গ্যাস কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোনো লাভ হয়নি। কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আবদুস সামাদ জানান, গ্যাস পাইপলাইন থেকেই আগুনের সূত্রপাত ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।