কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে ৪০টি ঘর পুড়ে ছাই
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চান্দরা উত্তরপাড়া এলাকায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় অগ্নিকাণ্ডে গফুর মিয়া ও আব্বাস মিয়ার তিনটি কলোনির ৪০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।দমকল বাহিনী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার চান্দুরা এলাকায় গতকাল সন্ধ্যা ছয়টার দিকে গফুর মিয়া ও আব্বাস মিয়ার কলোনির একটি ঘরের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুন মুহূর্তের মধ্যে ওই কলোনির অন্য ঘরগুলোর মধ্যে ছড়িয়ে পড়ে। এ সময় আগুনের লেলিহান শিখায় ওই কলোনির ৪০টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে ওই কলোনির ঘরের টিভি, ফ্রিজ, ইলেকট্রনিকসসামগ্রী, জামাকাপড়, আসবাবসহ মূল্যবান মালামাল পুড়ে যায়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।অগ্নিকাণ্ডের খবর পেয়ে কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান, আওয়ামী লীগের নেতা সিকদার মোশারফ হোসেন, পৌর কাউন্সিল সামছুল আলম সরকার ক্ষতিগ্রস্ত কলোনি পরিদর্শন করেন।