কালিয়াকৈরে অজ্ঞান পার্টির দুই সদস্য গ্রেপ্তার
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রতনপুর এলাকা থেকে গতকাল বুধবার সকালে অজ্ঞান পার্টির দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার ধর্মপুর গ্রামের হামেদ আলীর ছেলে জহিরুল ইসলাম (২৬) ও তাঁর স্ত্রী মনিরা বেগম (২০)।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, জহিরুল ইসলাম ও মনিরা বেগম মঙ্গলবার রাতে বাড়ির মালিক মরিয়ম বেগমকে খাবারের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অজ্ঞান করেন। এ সময় বাড়ির পাশের লোকজন টের পেয়ে মরিয়মকে উদ্ধার করে এবং অজ্ঞান পার্টির সদস্য জহিরুল ইসলাম ও মনিরা বেগমকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই দুজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করে। এ সময় তাঁরা নিজেদের অজ্ঞান পার্টির সদস্য বলে স্বীকার করেন। তিনি আরও জানান, জহিরুল ও মনিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে কৌশলে মালিকদের নেশাজাতীয় ওষুধ খাইয়ে বাসার সবকিছু নিয়ে যেতেন।এ ব্যাপারে বাড়ির মালিক মরিয়ম বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা করেছেন। গ্রেপ্তার ব্যক্তিদের গতকাল বুধবার সকালে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।মৌচাক ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।