কালিয়াকৈরে অটোরিকশা ছিনিয়ে পালাতে গিয়ে দুজন গুলিবিদ্ধ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া এলাকায় গতকাল রোববার রাত ১০টার দিকে ছিনতাইকারীদের সঙ্গে পুলিশের ককটেল ও গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এতে দুজন গুলিবিদ্ধ হয়েছে। পুলিশ ছিনতাইকারী দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে। তারা হলো আনোয়ার, রাজিব মিয়া, মিলন ওরফে মিন্টু ও তার স্ত্রী রোকসানা আক্তার। এদের মধ্যে আনোয়ার ও মিলন গুলিবিদ্ধ হয়েছে। তাদের গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈরের মৌচাক বাজার থেকে মাওনা যাওয়ার কথা বলে চার ছিনতাইকারী গতকাল রাত নয়টার দিকে সিএনজিচালিত একটি অটোরিকশা ভাড়া করে। মৌচাক-ফুলবাড়িয়া সড়কের বহেরাতলি এলাকায় অটোরিকশাটি পৌঁছালে ছিনতাইকারীরা চালক আবদুল আলিমকে মারধর করে গাড়ি থেকে ফেলে দেয় এবং অটোরিকশাটি নিয়ে ফুলবাড়িয়া বাজারের দিকে পালিয়ে যায়। এ সময় চালক ফুলবাড়িয়া বাজার ক্যাম্পের পুলিশকে মুঠোফোনে কল দিয়ে ছিনতাইয়ের ঘটনা জানান। ফুলবাড়িয়া বাজার ক্যাম্পের পুলিশ বাঁশ দিয়ে ব্যারিকেড দেয়। কিছুক্ষণ পর ছিনতাইকারীরা ব্যারিকেড ভেঙে চলে যাওয়ার চেষ্টা করে। পুলিশ ধাওয়া করলে ছিনতাইকারীরা তাদের লক্ষ্য করে একটি ককটেল ছোড়ে। পুলিশও শটগান দিয়ে গুলি চালায়। এতে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়। পুলিশ এক নারীসহ চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করে এবং অটোরিকশাটি উদ্ধার করে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছিনতাইকারীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও কয়েকটি অটোরিকশা ছিনতাইয়ের কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।