কালিয়াকৈরে অপহূত গৃহবধূ নেত্রকোনায় উদ্ধার, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভান্নারা রেলগেট এলাকা থেকে অপহূত এক গৃহবধূকে পুলিশ গত শনিবার রাতে নেত্রকোনা থেকে উদ্ধার করেছে। এ সময় অপহরণে জড়িত থাকার অভিযোগে রফিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পুলিশ ও অপহূত গৃহবধূর পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার ভোরে ভান্নারা রেলগেট এলাকা থেকে রফিকুল ইসলাম ও আবদুল রাজ্জাক নামের দুই ব্যক্তি তাদের সহযোগীদের নিয়ে ওই গৃহবধূকে একটি প্রাইভেট কারে তুলে নিয়ে যান। পরে অপহরণকারীরা ওই গৃহবধূর স্বামীর কাছে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ব্যাপারে গৃহবধূর ছোট ভাই কালিয়াকৈর থানায় মামলা করেন। পরে পুলিশ ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে গত শনিবার রাতে নেত্রকোনার দুর্গাপুর থানার শালটিপাড়া এলাকা থেকে অপহূত গৃহবধূকে উদ্ধার করে এবং রফিকুলকে গ্রেপ্তার করে।ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, রফিকুলকে গতকাল আদালতের মাধ্যমে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে। অপহরণকারী দলের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।