কালিয়াকৈরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। জেলা প্রশাসকের নির্দেশে গতকাল সোমবার স্থাপনাগুলো বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ও কালিয়াকৈরের সহকারী কমিশনার (ভূমি) মো. সিরাজুল ইসলাম। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সফিপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ের কিছু জায়গা দীর্ঘদিন ধরে দখল করে বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলা হয়। এরপর সেগুলো ভাড়া দেন স্থানীয় কয়েকজন ব্যবসায়ী। সফিপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ের পক্ষ থেকে ওই জমি ছেড়ে দেওয়ার নোটিশ দেওয়া হলেও স্থাপনাগুলো সরানো হয়নি। গতকাল বিকেলে গাজীপুরের জেলা প্রশাসকের নির্দেশে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ও কালিয়াকৈরের সহকারী কমিশনার (ভূমি) মো. সিরাজুল ইসলাম পুলিশ নিয়ে ওই জায়গার নয়টি দোকান বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেন।

মো. সিরাজুল ইসলাম বলেন, সফিপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ের জমিতে গড়ে ওঠায় জেলা প্রশাসকের নির্দেশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।