কালিয়াকৈরে অস্ত্রসহ তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকা থেকে গত রোববার একটি শ্যুটারগান, দুইটি বন্দুকের গুলি ও একটি ধারালো ছোরাসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন র‌্যাব সদস্যরা।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন কালিয়াকৈরের চাপাইর ব্যাপারীপাড়া গ্রামের দুস মোহাম্মদ অপু (৩০), একই গ্রামের মোহাম্মদ রানা (২৫) ও রনি হোসেন (২০)।র‌্যাব ও পুলিশ সূত্র জানায়, রোববার রাতে র‌্যাব-১-এর কয়েকজন সদস্য অস্ত্রের ক্রেতা সেজে চন্দ্রা ত্রিমোড় এলাকার একটি রেস্তোরাঁয় ওই তিন ব্যক্তির সঙ্গে আলোচনা শুরু করেন। এ সময় র‌্যাব সদস্যরা নিশ্চিত হন অপু, রানা ও রনির কাছে অস্ত্র আছে। একপর্যায়ে র‌্যাব সদস্যদের উপস্থিতি বুঝতে পেরে অপু তাঁর কোমর থেকে শ্যুটারগান ও রানা কোমর থেকে একটি ছোরা বের করে র‌্যাব সদস্যদের ওপর হামলার চেষ্টা চালান। এ সময় র‌্যাবের সদস্যরা দুইটি গুলি ছুড়লে অপুর পায়ে গুলি লাগে। পরে ওই তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে তাঁদের কাছ থেকে একটি ওয়ান শ্যুটারগান, দুইটি গুলি ও একটি ধারালো ছোরা উদ্ধার করা হয়। গ্রেপ্তার তিন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শেষে গত রোববার রাতে কালিয়াকৈর থানায় সোপর্দ করা হয়। র‌্যাব-১-এর এসআই জাফরুল হাসান কালিয়াকৈর থানায় অস্ত্র আইনে মামলা করেছেন।