কালিয়াকৈরে আগুনে পুড়ল ৫০টি ঘর ও দোকান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্বচান্দরা এলাকায় গত রোববার গভীর রাতে আগুনে ৫০টি ঘর ও দোকান পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে কমপক্ষে ১০ জন আহত হন।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, পূর্বচান্দরা এলাকায় ইমদাদুল হক, লাবু সরকার ও শুকুর আলীর পৃথক তিনটি বাড়িতে টিনশেডের প্রায় ৬০টি ঘর ও দোকান আছে। এসব ঘর ভাড়া নিয়ে ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা এবং বসবাস করছেন স্থানীয় বিভিন্ন পোশাক কারখানার দেড় শতাধিক শ্রমিক। রোববার দিবাগত রাত পৌনে দুইটার দিকে ইমদাদুল হকের এক ভাড়াটের দোকান থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তেই আশপাশের অন্যান্য ঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় তাড়াহুড়ো করে ঘরের বাইরে বেরিয়ে আসেন শ্রমিকেরা। আগুন নেভাতে না পেরে ফায়ার সার্ভিসে খবর দেন এলাকাবাসী। পরে কালিয়াকৈর ও ইপিজেড ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ইমদাদুল হকের পাঁচটি ঘর ও দুটি দোকান, লাবু সরকারের পাঁচটি ঘর ও দুটি দোকান এবং শুকুর আলীর ২৮টি ঘর, ৮টি দোকান ও একটি ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠান পুড়ে যায়। আগুন নেভাতে গিয়ে পোশাকশ্রমিকসহ কমপক্ষে ১০ জন আহত হন। তাঁদের স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আগুনে এসব ঘর, দোকান ও ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠানে থাকা বিভিন্ন মালামাল পুড়ে যায়।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা অপূর্ব বল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মোস্তফা কামাল নামের আহত এক ব্যক্তি বলেন, ‘কারখানার কাজ শেষে রাতের খাবার খেয়ে শুয়ে পড়েছি। হঠাৎ রাত পৌনে দুইটার দিকে আগুন দেখে ঘরের বাইরে চলে আসি। কিন্তু ভেতরে থাকা চাল, ডাল, হাঁড়িপাতিলসহ অন্যান্য মালামাল পুড়ে গেছে। নিঃস্ব হয়ে পড়েছি আমরা ৩৮টি পরিবার। সকালে খাবারের ব্যবস্থাও করতে পারিনি।’ ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠানটির মালিক মাহাবুব হোসেন বলেন, তাঁর কারখানার আটটি মেশিন, ১ হাজার জ্যাকেট, ৭০০ গেঞ্জিসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।
গতকাল সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সানোয়ার হোসেন, কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান, কাউন্সিলর সামছুল আলম সরকার, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোতালেব মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন।
মেয়র মজিবুর রহমান বলেন, ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে প্রাথমিকভাবে কিছু টাকা দেওয়া হয়েছে। তাদের প্রত্যেকের খাবার ও থাকার ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া তাদের পুনর্বাসনের ব্যবস্থাও করা হবে।
ইউএনও সানোয়ার হোসেন বলেন, বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে।