কালিয়াকৈরে আটতলা ভবনে ফাটল
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় একটি আটতলা ভবনে গত মঙ্গলবার ফাটল দেখা দেয়। এরপর ওই ভবনে স্থাপিত দুটি কারখানাকে কাজ বন্ধ করার আদেশ দেয় স্থানীয় প্রশাসন।
কারখানা কর্তৃপক্ষ জানায়, কালিয়াকৈর-নবীনগর সড়কের পাশে চন্দ্রা এলাকায় মো. আলী হোসেনের একটি আটতলা ভবন রয়েছে। ওই ভবনে কয়েকটি ফ্লোর ভাড়া নিয়ে সেখানে টেলিভিশনসহ বিভিন্ন ইলেকট্রনিক মালামাল তৈরি করে ওয়ালটন। বাকি অংশে ডিটাটেক্স অ্যাপারেলস লিমিটেড পোশাক তৈরি কাজ করে। মঙ্গলবার সকালে পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ দিয়ে দেখেন ভবনের সিঁড়ির পাশ দিয়ে ফাটল ধরেছে। পরে ওই আটতলা ভবনের পেছনের দেয়ালে আরও কয়েকটি স্থানে ফাটল দেখা দেয়। শ্রমিকদের মধ্যে আতঙ্ক দেখা দিলে কর্তৃপক্ষ কারখানা ছুটি ঘোষণা করে।
ভবনে ফাটলের খবর পেয়ে কালিয়াকৈর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুর রহমান ঘটনাস্থলে এসে ফাটল ধরা অংশ পরিদর্শন করেন। তিনি প্রথম আলোকে বলেন, ভবনটি দক্ষ প্রকৌশলী দিয়ে পরীক্ষা না করা পর্যন্ত ওই কারখানায় কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।