কালিয়াকৈরে আরও দুটি লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গতকাল সোমবার অজ্ঞাতপরিচয় দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, উপজেলার শাহাবাজপুর এলাকার রাস্তার পাশে গতকাল সকালে এলাকাবাসী এক তরুণীর (২৩) লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। বেলা ১১টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে। পুলিশের ধারণা, দুর্বৃত্তরা ওই তরুণীকে শ্বাসরোধে হত্যা করে ওই স্থানে ফেলে রেখে গেছে। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে।এদিকে উপজেলার খাড়াজোড়রা এলাকার একটি পরিত্যক্ত ঘরে গতকাল সকালে এলাকাবাসী এক ব্যক্তির (৫৫) লাশ দেখতে পায়। পরে খবর দিলে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। নিহতের পরনে চেক লুঙ্গি ও সোয়েটার ছিল।এর আগে গত ২৬ ডিসেম্বর উপজেলার কালামপুর এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করা হয়।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাঁদের ছবি বিভিন্ন থানায় পাঠানো হয়েছে।