কালিয়াকৈরে আসামি গ্রেপ্তারের প্রতিবাদে থানার সামনে বিক্ষোভ
গাজীপুরের কালিয়াকৈরে আসামি গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল শনিবার সকালে থানার সামনে বিক্ষোভ করেন পরিবহন শ্রমিকেরা। বাধা দিতে গেলে শ্রমিকেরা পুলিশের এক সদস্যকে লাঞ্ছিত করেন।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম আবু সুফিয়ান (৫০)। তিনি কালিয়াকৈর উপজেলার চাপাইর এলাকার বাসিন্দা ও কালিয়াকৈর মিনিবাস মালিক সমিতির সহসভাপতি।
শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, সুফিয়ানকে একটি মামলায় গতকাল সকালে গ্রেপ্তার করে কালিয়াকৈর থানার পুলিশ। সুফিয়ানের গ্রেপ্তারের খবরে মিনিবাস সমিতির লোকজন ও শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁকে গ্রেপ্তারের প্রতিবাদে বেলা ১১টার দিকে থানা ফটকের সামনে বিক্ষোভ মিছিল করেন তাঁরা।
এ সময় থানার পুলিশ তাঁদের বাধা দেয়। একপর্যায়ে থানার উপপরিদর্শক আলমগীর হোসেন কথা বলতে গেলে শ্রমিকেরা তাঁকে লাঞ্ছিত করেন। পরে বিক্ষোভকারীরা থানার ফটক থেকে ফিরে যান।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।