কালিয়াকৈরে আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ৬
গাজীপুরের কালিয়াকৈরে পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করেছে।পুলিশ সূত্র জানায়, উপজেলার পিপড়াসিট গ্রামের বাসিন্দা ফরিদ মিয়া (৩০) দুটি মামলার পলাতক আসামি। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে। বড়ইবাড়ি হাটে ফরিদের উপস্থিতির খবর পেয়ে গত মঙ্গলবার বিকেলে কালিয়াকৈর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আজিম উদ্দিন ও কনস্টেবল নজরুল ইসলাম সেখানে গিয়ে তাঁকে গ্রেপ্তার করেন। এ সময় আসামির বাবা বাবর আলী, আত্মীয় কাউছার, মাহফুজ, রতন ও স্বপনসহ সাত-আটজন পুলিশের কাছ থেকে ফরিদকে ছিনিয়ে নেন এবং পুলিশ সদস্যদের অবরোধ করে রাখেন। খবর পেয়ে কালিয়াকৈর থানার ১০-১২ জন পুলিশ সদস্য ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করেন। ওই দিন রাতে পুুলিশ বড়ইবাড়ি ও পিপড়াসিট এলাকায় অভিযান চালিয়ে বাবর আলী, জনি, ইমান আলী, লেবু মিয়া, ওসমান আলীসহ ছয়জনকে গ্রেপ্তার করে।গতকাল বুধবার সহকারী উপপরিদর্শক (এএসআই) আজিম উদ্দিন বাদী হয়ে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে একটি মামলা করেছেন।