গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকে আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের জাতীয় জলসার চারটি প্যান্ডেল গতকাল বুধবার সন্ধ্যায় পুড়িয়ে দিয়েছেন মুসল্লিরা। এর আগে বিকেলে মুসল্লি ও এলাকাবাসী ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এতে কোনাবাড়ী থেকে চন্দ্রা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়।পুলিশ ও স্থানীয় লোকজন জানান, মৌচাকে বাংলাদেশ স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে আজ বৃহস্পতিবার থেকে আহমদিয়া মুসলিম জামাত তিন দিনব্যাপী জাতীয় জলসার আয়োজন করে। এ জন্য কয়েক দিন ধরে স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন স্থানে বিশাল আকারের অনেকগুলো প্যান্ডেল তৈরি করা হয়। ওই জলসা বন্ধের জন্য দুই তিন দিন ধরে গাজীপুরের বিভিন্ন এলাকার মুসল্লিরা সংগঠিত হতে থাকেন। গতকাল কালিয়াকৈরের মসজিদগুলোতে জোহরের নামাজের সময় মুসল্লিদের একত্র হতে আহ্বান জানানো হয়। বিকেল থেকে মৌচাক ও এর আশপাশের মুসল্লি ও সাধারণ জনতা স্কাউট কেন্দ্রের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে লাঠিসোঁটা নিয়ে জড়ো হতে থাকেন। তারা মহাসড়ক অবরোধ করে সমাবেশ করেন। বক্তব্য দেন মুফতি মাসুদুর রহমান, নেহাজ উদ্দিন, সরফুদ্দিন, শফিকুর রহমান ও সিরাজুল ইসলাম, মাওলানা ফজলুর রহমান, নাছির উদ্দিন খান প্রমুখ। একপর্যায়ে মুসল্লিরা স্কাউট কেন্দ্রে ঢুকে কমপক্ষে চারটি প্যান্ডেল পুড়িয়ে দেন। পরে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মাগরিবের নামাজ আদায় করেন। নামাজ শেষে শতাধিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে মুসল্লিদের মহাসড়ক থেকে চলে যাওয়ার অনুরোধ করে। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পুলিশ কয়েকটি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে মুসল্লিদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। পরে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে ঢুকে আগুন নিয়ন্ত্রণে আনে। ওলামা পরিষদের নেতারা বলেন, গতকাল সকালে মুসল্লিরা জেলা প্রশাসককে আহমদিয়াদের ওই জলসা বন্ধের দাবি জানালে তিনি কোনো পদক্ষেপ নেননি। এ কারণে মুসল্লিরা উত্তেজিত হয়ে এ কাজ করেছেন।স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম নির্বাহী পরিচালক মো. মোকাদ্দেছ আলী বলেন, আহমদিয়া মুসলিম জামাতের সমেঞ্চলনের জন্য ১০ লাখ টাকায় কেন্দ্রটি তাদের কাছে ভাড়া দেওয়া হয়েছিল।তবে জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম বলেন, সমাবেশের জন্য আহমদিয়া সম্প্রদায় জেলা প্রশাসন থেকে কোনো অনুমতি নেয়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।