কালিয়াকৈরে আড়াই হাজার একরের বনভূমি বেদখল
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দুটি রেঞ্জের আওতায় থাকা বন বিভাগের কয়েক হাজার একর জমি বেদখল হয়ে গেছে। বনদস্যুরা গাছ উজাড়ের পর প্রভাবশালী ভূমিদস্যুরা জমিগুলো দখলে নিয়ে নেয়। অভিযোগ রয়েছে, বন উজাড় ও ভূমি বেদখল হওয়ার ক্ষেত্রে বনদস্যু ও ভূমিদস্যুদের সঙ্গে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশ রয়েছে।বন বিভাগ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর রেঞ্জের আওতায় সাতটি বিট ও দুটি সাব-বিট কার্যালয় রয়েছে। কাচিঘাটা রেঞ্জে রয়েছে তিনটি বিট কার্যালয়। প্রতিটি রেঞ্জ ও বিট কার্যালয়ে জনবল রয়েছে দুই থেকে পাঁচজন। সিএস রেকর্ড অনুযায়ী কালিয়াকৈর রেঞ্জের গেজেটভুক্ত ১২,৭৯৫ দশমিক ১৯ একর বনভূমির মধ্যে ২০১০ সালের সেপ্টেম্বর পর্যন্ত বেদখল হয়েছে ২,৭২০ দশমিক ৬৬ একর। বিভিন্ন সময়ে উদ্ধার করা হয়েছে ৬০৮ দশমিক ৩০ একর। কাচিঘাটা রেঞ্জের মোট বনভূমি রয়েছে ৯,৬৮৯ দশমিক ৩৫ একর। বেদখল হয়েছে ২,৪৫৮ দশমিক ৭৭ একর। অর্থাৎ দুটি রেঞ্জের বেদখল ভূমির পরিমাণ ৫,১৭৯ দশমিক ৪৩ একর।তবে প্রথম আলোর অনুসন্ধানে বেদখল ভূমির পরিমাণ অনেক বেশি বলে জানা গেছে। কারণ, বন বিভাগের ওই হিসাবের বাইরে বেশ কয়েকটি এলাকায় বন বিভাগের জমি বেদখল হয়েছে ও হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, বন বিভাগের জমি দখল করা হয় একশ্রেণীর দালালের মাধ্যমে। দালালেরা বন কর্মকর্তাদের সঙ্গে অর্থের লেনদেন করে দখলে সহায়তা করে। সম্প্রতি কাচিঘাটা রেঞ্জের শিমুলিয়ায় জমি কিনেছেন ঢাকার এক ব্যবসায়ী। ওই জমিতে যাতায়াতের কোনো রাস্তা ছিল না। স্থানীয় ভূমিদস্যু জালাল উদ্দিন রাতের আঁধারে বন বিভাগের শালগাছ কেটে রাস্তা তৈরি করে দেন। পরে বন বিভাগের পক্ষ থেকে এ ঘটনায় মামলা করা হয়। উপজেলার ভান্নারা এলাকায় তাঁদের জমির পাশে একটি কারখানা গোপনে বন বিভাগের গাছ কেটে ইট দিয়ে বনের জমিসহ সীমানাপ্রাচীর নির্মাণ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল কবীর ওই জমি উদ্ধার করেন। একইভাবে ভান্নারা এলাকায় বেশির ভাগ কারখানা নিজেদের জমির সঙ্গে বন বিভাগের জমি দখলে নিয়েছে বলে স্থানীয় লোকজন অভিযোগ করেছেন। কারখানা কর্তৃপক্ষ স্থানীয় ভূমি কার্যালয়ে টাকা দিয়ে নামজারি করিয়ে নেয়।কালিয়াকৈর রেঞ্জের চন্দ্রা ও মৌচাক বিটে জবরদখল করা বনভূমিতে অবৈধভাবে স্থাপিত শিল্প-কারখানা রয়েছে অর্ধশতাধিক। এর মধ্যে বন কর্মকর্তারা আইনগত ব্যবস্থা নিয়েছেন মাত্র ২০টির বিরুদ্ধে। এ ছাড়া কাচিঘাটা রেঞ্জের আওতায় এ পর্যন্ত মামলা হয়েছে ৪৪টি। মামলা পরিচালনার দায়িত্বে থাকা ডেপুটি রেঞ্জার আবুল হাসেম ভূঁইয়া প্রথম আলোকে জানান, গাজীপুর জেলায় এ পর্যন্ত মামলা হয়েছে পাঁচ থেকে ছয় হাজার। এসব মামলা পরিচালনায় জনবল রয়েছে মাত্র দুজন, যার কারণে মামলাগুলো দীর্ঘদিন ঝুলে থাকে।উপজেলার চন্দ্রা এলাকার ব্যবসায়ী আলাল উদ্দিন ও সোহরাব হোসেন অভিযোগ করেন, চন্দ্রার ফরেস্ট কার্যালয়ের এক রেঞ্জার ও এক বিট কর্মকর্তা দায়িত্ব পালনকালে সহযোগীদের নিয়ে ওয়ালটন কারখানার সামনের সড়কের পূর্ব পাশে অনেকের কাছ থেকে ২০ হাজার টাকা করে নিয়ে ঘর তৈরি করতে সহায়তা করেছেন। এ ছাড়া কালামপুর, ডাইনকিনি, পূর্ব চন্দ্রা, খাড়াজোড়া, বাড়ইপাড়া এলাকায় বনের জমিতে ঘরবাড়ি তৈরি করতে তাঁরা সহায়তা করেছেন। এসব জমি উদ্ধার হয়নি, বরং দিন দিন ওই দখলদারেরা নতুন করে আরও বনের জমি দখল করছে, আঁধারে কেটে ফেলছে শালগাছ।উপজেলার রাখালিয়াচালা গ্রামের সাইফুল ইসলাম অভিযোগ করেন, মৌচাক বিট কার্যালয়ের কর্মকর্তাদের যোগসাজশে বন উজাড় করে গড়ে উঠেছে শত শত বসতবাড়ি। সেগুলো দেখলে এখন মনে হবে না, এটা বন বিভাগের জমি। এখনো বন বিভাগের লোকজন ভয়ভীতি দেখিয়ে বাসিন্দাদের কাছ থেকে টাকা-পয়সা হাতিয়ে নিচ্ছেন। কেউ কোনো প্রতিবাদ করেলে তাঁর ঘর ভেঙে ফেলার হুমকি দেওয়া হয়।কাচিঘাটার রেঞ্জার ইসমাইল হোসেন বলেন, এত বড় এলাকা সব সময় পাহারা দেওয়ার জন্য অনেক জনবলের প্রয়োজন থাকলেও রয়েছে খুবই কম। তাই এক দিক থেকে অন্যদিকে গেলেই দস্যুরা গাছ চুরি করে নিয়ে যায়। কালিয়াকৈরের রেঞ্জার সফিউদ্দিন বলেন, আগের অনেক কর্মকর্তাই বন দখলের সঙ্গে জড়িত থাকতে পারেন। কিন্তু এখন নতুন করে কাউকে দখল করতে দেওয়া হচ্ছে না। কেউ দখল করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোনো বিট কর্মকর্তার বিরুদ্ধে দখলে সহযোগিতার অভিযোগ পেলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) অবনী ভূষণ ঠাকুর প্রথম আলোকে জানান, ভূমিদস্যুদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে অনেক কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। কালিয়াকৈরের যেসব বনভূমি অবৈধ দখলে রয়েছে, জেলা উচ্ছেদ কমিটিতে সভা করে সেগুলো পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।