কালিয়াকৈরে এক কর্মকর্তাকে পিটিয়েছেন ঠিকাদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সফিপুর-বড়ইবাড়ী রাস্তার নির্মাণকাজে অনিয়মের প্রতিবাদ করায় গতকাল রোববার গাজীপুরের কালিয়াকৈর উপজেলা প্রকৌশল অফিসের এক কর্মকর্তাকে পিটিয়ে গুরুতর আহত করেছেন এক ঠিকাদার।আহত ব্যক্তি হলেন মো. আনোয়ার হোসেন (৩২)। তিনি কালিয়াকৈর প্রকৌশল অফিসের কার্য সহকারী। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার সফিপুর-বড়ইবাড়ী সড়কের নির্মাণকাজের ঠিকাদার নিয়োগ দেওয়া হয় ফারুক ট্রেডার্সের মালিক ফারুক হোসেনকে। ওই নির্মাণকাজের তদারক করতে গতকাল রোববার সকালে অফিস কার্য সহকারী আনোয়ার হোসেন প্রতিদিনের রুটিন হিসেবে সেখানে যান। এ সময় নিম্নমানের কাজ করায় তিনি প্রতিবাদ করেন এবং কাজের শিডিউল অনুযায়ী কাজ করতে বলেন। তখন ঠিকাদার ফারুক হোসেনসহ দু-তিনজন তাঁকে পিটিয়ে গুরুতর আহত করেন। এ সময় আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।ঠিকাদার ফারুক হোসেন বলেন, ‘তাকে আমি মারি নাই, আমার এক লেবার তাকে মারধর করেছে।’ কালিয়াকৈর উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম জানান, এ ব্যাপারে কালিয়াকৈর থানায় একটি মামলা করা হয়েছে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।