কালিয়াকৈরে এক খামারে ১৮ হাজার মুরগি নিধনের কাজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কারলসুরিচালা এলাকার একটি পোলট্রি খামারে গতকাল বৃহস্পতিবার বার্ড ফ্লুর সংক্রমণ দেখা দিয়েছে। গত রাতেই খামারের প্রায় ১৮ হাজার মুরগি ও পাঁচ থেকে সাত হাজার ডিম নিধনের কাজ শুরু হয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, শিখা পোলট্রি খামারে কয়েক দিনে অনেকগুলো মুরগি মারা যাওয়ায় গতকাল সকালে খামারের মালিক সৈয়দ মহর আলী মৃত মুরগি নিয়ে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে যান। পরীক্ষায় প্রাথমিকভাবে বার্ড ফ্লু মনে হওয়ায় গাজীপুর সদরে আবারও পরীক্ষার জন্য পাঠানো হয়। সেখানেও বার্ড ফ্লুর বিষয়টি নিশ্চিত করা হয়। আরও নিশ্চিত হওয়ার জন্য ঢাকা কেন্দ্রীয় রোগ অনুসন্ধান গবেষণা কেন্দ্রে পরীক্ষা করে বার্ড ফ্লুর বিষয়ে নিশ্চিত হওয়া যায়। পরে রাত ১০টায় কালিয়াকৈর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও কালিয়াকৈর থানার পুলিশ ওই খামারের পাশে একটি গর্ত করে ৬০ জনকে বিশেষ পোশাক পরিয়ে মুরগি ও ডিম নিধনের কাজ শুরু করে।উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মেজবাহ উদ্দিন খন্দকার ওই খামারে বার্ড ফ্লু দেখা দেওয়ার কথা নিশ্চিত করে বলেন, দ্রুত মুরগি নিধন না করা হলে আশপাশের খামারে বার্ড ফ্লু ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। গতকাল রাত ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত খামারের মুরগি নিধনের কাজ চলছিল।