গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে বাচ্চু মিয়া নামের এক ব্যক্তিকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। গতকাল শুক্রবার আটাবহ ইউনিয়নের ডোবাইল গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১ আগস্ট বাচ্চু মিয়া চাঁদার দাবিতে আটাবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ আলিমের ওপর হামলা চালায় বলে অভিযোগ ছিল। এ ঘটনায় এম এ আলিম বাদী হয়ে বাচ্চুসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন। ওই ঘটনার পর থেকে এলাকায় ক্ষোভ বিরাজ করছিল। গতকাল বিকেলে বাচ্চু মিয়াসহ তিন-চারজন সন্ত্রাসী ডোবাইল গ্রামের ডোবাইল সেতুর নিচে বসে গাঁজা সেবন করছিল। এ সময় এলাকাবাসী তাদের ধাওয়া করে বাচ্চু মিয়াকে আটক করে। পরে এলাকাবাসী তাকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। বাচ্চু মিয়া উপজেলার রাধানগর গ্রামের নৈইমুদ্দিনের ছেলে।কালিয়াকৈর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবু তাহের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাচ্চু মিয়া এলাকার চিহ্নিত সন্ত্রাসী, তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।