কালিয়াকৈরে ওয়ালটনের কারখানায় আগুন, আহত ১০
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় কালিয়াকৈর-নবীনগর সড়কের পাশে ওয়ালটনের কারখানায় গতকাল বৃহস্পতিবার রাতে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে পুড়ে কমপক্ষে ১০ জন শ্রমিক আহত হয়েছেন।কারখানার কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাত নয়টার দিকে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানায় আগুন লাগে। কারখানার পশ্চিম পাশের পাঁচতলা ভবনের নিচতলায় জেনারেটর কক্ষে গ্যাস থেকে বিস্ফোরণ ঘটে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ভবনের তৃতীয় তলা পর্যন্ত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিস ও সাভার ইপিজেড ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভাতে গিয়ে কারখানার ১০ জন শ্রমিক আগুনে পুড়ে আহত হন। স্থানীয় ক্লিনিকে তাঁদের চিকিত্সা দেওয়া হয়। আগুনে কারখানার অত্যাধুনিক ছয়টি জেনারেটর, ফ্রিজ তৈরির চারটি যন্ত্র ও মালামাল পুড়ে যায়। কারখানার ব্যবস্থাপক মো. সাইফুল ইসলামের দাবি, প্রাথমিক হিসাব অনুযায়ী কারখানার প্রায় ২০ কোটি টাকার মালামাল পুড়েছে।গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাফর আহামেদ জানান, তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যাবে।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, নিরাপত্তার জন্য কারখানার আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।