কালিয়াকৈরে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গাজীপুর জেলা প্রশাসকের নির্দেশে ওই কমিটি গঠন করা হয়।

কমিটির প্রধান করা হয়েছে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলামকে। আগামী সাত কার্য দিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। ইউএনও সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার জামালপুর এলাকায় নাঈম টেক্সটাইল ও একই ভবনে থাকা এফ এস কসমেটিকস লিমিটেড কারখানায় ওই দুর্ঘটনা ঘটে। এতে আটজন শ্রমিক দগ্ধ হন। তাঁদের আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর কারখানার ভেতরে আগুন ধরে যায়। কালিয়াকৈর, গাজীপুর, ১২ ডিসেম্বর। ছবি: প্রথম আলো
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর কারখানার ভেতরে আগুন ধরে যায়। কালিয়াকৈর, গাজীপুর, ১২ ডিসেম্বর। ছবি: প্রথম আলো

কারখানার শ্রমিকেরা জানান, ওই কারখানাটি একসময় নাঈম টেক্সটাইল মিল হিসেবে চলত। পরবর্তী সময়ে সেখানে বিভিন্ন প্রকার কসমেটিকস তৈরি শুরু হয়। কারখানায় মঙ্গলবার বিকেলে ৩৫ জন শ্রমিক কাজ করছিলেন। সাড়ে চারটার দিকে বিকট শব্দে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে কারখানার ভেতরে আগুন ধরে যায়। এ সময় দৌড়ে অনেকে বের হয়ে গেলেও কয়েকজন শ্রমিক কারখানার ভেতরে আটকা পড়ে দগ্ধ হন।