কালিয়াকৈরে কুপিয়ে গৃহবধূকে হত্যা, স্বামী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আছমা বেগম (৪০) নামের একজন গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পারিবারিক কলহের জের ধরে স্বামী বাবুল মোল্লা (৫০) তাঁকে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর পুলিশ বাবুল মোল্লাকে গ্রেপ্তার করেছে।পুলিশ ও পরিবারের ভাষ্যমতে, বাবুল মোল্লা পাবনার আতাইকুলা থানার কুইচামারা গ্রামের ইসমাইল মোল্লার ছেলে। তিনি কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকার একটি বাড়িতে স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতেন। কিছুদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয়ে দাম্পত্য কলহ চলে আসছিল। সর্বশেষ গতকাল সন্ধা সাতটার দিকে তাঁদের মধ্যে আবারও ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে আছমাকে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন বাবুল। আছমার আর্তচিৎকারে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ আছমার স্বামী বাবুল মোল্লাকে গ্রেপ্তার করে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।