কালিয়াকৈরে কৃষি ব্যাংকের কার্যালয় ঘেরাও, বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষি ব্যাংকের গাজীপুরের কালিয়াকৈর বাজার শাখার এক গ্রাহকের সঞ্চয়ী হিসাব থেকে টাকা আত্মসাতের অভিযোগের প্রতিবাদে গতকাল বুধবার এলাকাবাসী ওই শাখা কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ সমাবেশ করেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার শ্রীফলতলী গ্রামের বাসিন্দা ইয়াকুব আলী ওই শাখায় একটি সঞ্চয়ী হিসাব (নম্বর-১৬৯৫৪) খোলেন। গত ১৭ ফেব্রুয়ারি তিনি তাঁর হিসাব নম্বরে পাঁচ লাখ টাকা জমা রাখেন। ১৯ অক্টোবর ইয়াকুব ওই জমা টাকা তুলতে গেলে ব্যাংক কর্মকর্তারা জানান, তাঁর হিসাব নম্বরে কোনো টাকা নেই। পরে বিষয়টি নিয়ে ইয়াকুব আলী ওই শাখার ব্যবস্থাপকের কাছে গেলেও কোনো সমাধান হয়নি। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে ওঠে। গতকাল দুপুরে শতাধিক গ্রামবাসী কৃষি ব্যাংকের ওই শাখা ঘেরাও করে বিক্ষাভ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে। এ ব্যাপারে ইয়াকুব আলী বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দিয়েছেন। এ ব্যাপারে জানতে চাইলে কৃষি ব্যাংকের ওই শাখার ব্যবস্থাপক অশোক কুমার দে বলেন, ‘এ ঘটনার সময় আমি ছিলাম না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’