কালিয়াকৈরে কোকোলা ফুডের কারখানায় অগ্নিকাণ্ড
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় খাবার তৈরির একটি কারখানায় গতকাল মঙ্গলবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে কারখানার ড্রায়ার মেশিন ও প্যাকেটজাত খাদ্যদ্রব্য পুড়ে গেছে।কারখানার কর্মকর্তা ও দমকল বাহিনীর সূত্রে জানা গেছে, মৌচাক এলাকার কোকোলা ফুড প্রোডাক্টস লিমিটেডের কারখানায় সন্ধ্যা সাতটায় স্পাইস চিপস সেকশনের হিটার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এ সময় আগুন মেশিন ও পাশে রাখা খাদ্যদ্রব্যের কার্টনে ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর পুরো কারখানায় ছড়িয়ে পড়লে শ্রমিকেরা দৌড়ে বাইরে বের হয়ে আসেন। খবর পেয়ে কালিয়াকৈর দমকল ও গাজীপুর দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে রাত পৌনে আটটায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় কারখানার শ্রমিকেরা আগুন নেভাতে সহায়তা করেন।কারখানার ব্যবস্থাপক সোহরাব উদ্দিন জানান, ব্যাপক আকারে ছড়িয়ে পড়ার আগেই আগুন নিয়ন্ত্রণে আসায় ক্ষয়ক্ষতির পরিমাণ খুবই সামান্য।