কালিয়াকৈরে ক্রিকেট খেলতে না দেওয়ায় বিক্ষোভ, অবরোধ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রায় কলেজের মাঠে ক্রিকেট খেলতে না দেওয়ার প্রতিবাদে ছাত্ররা গতকাল মঙ্গলবার অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দেন। পরে তাঁরা চন্দ্রা ত্রিমোড়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন। এতে প্রায় পৌনে এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।চন্দ্রা ত্রিমোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের ছাত্রছাত্রী ও পুলিশ সূত্রে জানা গেছে, কলেজের ছাত্ররা গতকাল সকাল ১০টার দিকে কলেজের মাঠে ক্রিকেট খেলার অনুমতির জন্য অধ্যক্ষ জসিম উদ্দিনের কাছে অনুমতি চায়। কিন্তু অধ্যক্ষ অনুমতি না দিয়ে ছাত্রদের শনিবার খেলতে বলেন। এ নিয়ে অধ্যক্ষের সঙ্গে ছাত্রদের কথাকাটাকাটি হয়। এ খবর ছাত্রদের মধ্যে ছড়িয়ে পড়লে তাঁরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে ছাত্রলীগের আনোয়ার হোসেনের নেতৃত্বে ছাত্ররা অধ্যক্ষকে তাঁর কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয়। বেলা সাড়ে ১১টার দিকে ছাত্ররা চন্দ্রা ত্রিমোড় অবরোধ করে অধ্যক্ষের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এতে চন্দ্রা-গাজীপুর, চন্দ্রা-নবীনগর ও চন্দ্রা-টাঙ্গাইল সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে কালিয়াকৈর থানার পুলিশ ও আর্মড পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান। দুপুর সোয়া ১২টার দিকে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। পরে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন, স্থানীয় আওয়ামী লীগের নেতা ও কলেজের ব্যবস্থাপনা কমিটির সদস্যরা ছাত্রদের কাছ থেকে চাবি নিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে অধ্যক্ষের কক্ষের তালা খুলে দেন। অধ্যক্ষ মো. জসিম উদ্দিন প্রথম আলোকে জানান, কলেজের কিছু উচ্ছৃঙ্খল ছাত্র ক্লাস না করে কলেজের মাঠে ক্রিকেট খেলতে চাওয়ায় তাদের অনুমতি দেওয়া হয়নি। ফলে ওই ছাত্ররা বাইরের লোকজন নিয়ে তাঁর কক্ষে তালা ঝুলিয়ে দেয় এবং সড়ক অবরোধ করে।ছাত্রলীগের আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, অধ্যক্ষ জসিম উদ্দিন শিক্ষার্থীদের খেলাধুলা করতে দেন না। বিভিন্ন জাতীয় দিবসে অনুষ্ঠানও করতে দেন না। এ কারণে তিনি ছাত্রদের নিয়ে অধ্যক্ষের কক্ষে তালা লাগিয়ে দেন।