কালিয়াকৈরে ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দরবারিয়া গ্রামে গত রোববার সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে জহিরুল ইসলাম (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। জহিরুল উপজেলার চাতৈলভিটি (সোহাগীর টেক) গ্রামের কৃষক বাহার উদ্দিনের ছেলে।প্রত্যক্ষদর্শী, নিহত জহিরুলের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, দরবারিয়া গ্রামের কয়েকজন একটি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে। এর অংশ হিসেবে রোববার বিকেলে চাতৈলভিটি ও ভিটাবাড়ী গ্রামের মধ্যে খেলা হওয়ার কথা ছিল। দুই গ্রামের খেলোয়াড়েরা দরবারিয়া গ্রামের মাঠে খেলার জন্য উপস্থিতও হন। কিন্তু চাতৈলভিটির খেলোয়াড়দের মাঠ পছন্দ না হওয়ায় তাঁরা না খেলেই আয়োজকদের কাছে ম্যাচের জন্য জমা দেওয়া টাকা ফেরত চান। এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে আয়োজক কমিটি খেলোয়াড়দের মারধর করে। পরে সন্ধ্যায় চাতৈলভিটি গ্রামের ১০-১২ জন ম্যাচের জন্য জমা দেওয়া টাকা আনতে দরবারিয়া গ্রামে আয়োজক কমিটির প্রধান মুরাদ ও আওলাদদের বাড়িতে গেলে দুই পক্ষের মধ্যে দ্বিতীয় দফা সংঘর্ষ হয়। এ সময় আয়োজক কমিটির সদস্য ও তাঁদের পক্ষে ২০-২২ জন দেশীয় অস্ত্র নিয়ে ওই খেলোয়াড়দের ওপর চড়াও হন। এতে কমপক্ষে ১০ জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে দায়ের কোপে গুরুতর আহত জহিরুল ইসলাম সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার সকালে মারা যান।এ ছাড়া আশঙ্কাজনক অবস্থায় বেলায়েত হোসেন (১৯), আবদুল জব্বার (২০), শাকিল (২১), মনির হোসেন (২০), সাত্তার মিয়া (২১), সুমন (১৫) ও আরিফ হোসেনকে (২০) কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এ ঘটনায় নিহত জহিরুলের বাবা বাহার উদ্দিন কালিয়াকৈর থানায় মুরাদ হোসেন, আওলাদ, হাবিবুর, হুমায়ুন, হাছেন আলী, আতাহর ও আয়নাল নামের সাতজনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন।