কালিয়াকৈরে ক্ষতিগ্রস্ত খামারিদের সহায়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈরের তিনটি গ্রামে বার্ড-ফ্লুতে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র খামারি ও হাঁস-মুরগির মালিকদের পুনর্বাসন ও নতুন করে উদ্বুদ্ধ করার জন্য উপজেলা প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে বিনা মূল্যে ওষুধ, মুরগির খাদ্য, মোরগ-মুরগি, ব্রয়লার বাচ্চা ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় কালিয়াকৈর উপজেলা কমিউনিটি সেন্টারে এ উপলক্ষে এক সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল কবীর। অন্যদের মধ্যে বক্তব্য দেন গাজীপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এ কে এম আতাউর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মেজবাহ উদ্দিন খন্দকার, চাপাইর ইউপি চেয়ারম্যান সাইফুজ্জামান সেতু, ঢালজোড়া ইউপি চেয়ারম্যান মো. ইছামুিদ্দন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মেজবাহ উদ্দিন খন্দকার জানান, উপজেলার বলিয়াদী, শেওড়াতলী ও ব্রিঙ্গরাজ গ্রামের ক্ষতিগ্রস্ত ৬০ ব্যক্তিকে এই সহায়তা দেওয়া হয়েছে। এর মধ্যে গৃহস্থালী পর্যায়ের হাঁস-মুরগির মালিকদের মধ্যে ৫৪০টি মুরগি, ৬০টি মোরগ, এক হাজার ৫০০ কেজি পোলট্রি খাদ্য, তিন হাজার টাকার ওষুধ ও নগদ ৯০ হাজার টাকা এবং ক্ষুদ্র খামারিদের মধ্যে চার হাজার ব্রয়লার বাচ্চা ও এক হাজার কেজি পোলট্রি-খাদ্য বিতরণ করা হয়।