কালিয়াকৈরে খাদ্যে বিষক্রিয়ায় চার শতাধিক শ্রমিক অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় খাদ্যে বিষক্রিয়ায় একটি পোশাক কারখানার চার শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। গত বৃহস্পতিবার রাতে রতনপুর এলাকার করনী নিট কম্পোজিট নামের ওই পোশাক কারখানায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাসি-পচা খাবার বিতরণের অভিযোগে খাবার বিতরণকারী ঠিকাদারের বিরুদ্ধে পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।অসুস্থ শ্রমিক, পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত আটটার দিকে ওই কারখানায় ঠিকাদার শফিকুল ইসলামের সরবরাহ করা নাশতা বিতরণ করা হয়। নাশতার মধ্যে ছিল ডিম, কলা ও কেক। কারখানার চার শতাধিক শ্রমিক ওই নাশতা খাওয়ার কিছুক্ষণ পর একে একে অসুস্থ হয়ে পড়েন। এ ঘটনায় কারখানার অন্য শ্রমিকেরা গাজীপুর-টাঙ্গাইল সড়কের সফিপুর বাজারে সড়ক অবরোধ করে মিছিল করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিভিন্ন পরিবহনের গাড়ি থামিয়ে অসুস্থ শ্রমিকদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠায়।কারখানার নিরাপত্তাকর্মী সালমা বেগম জানান, প্রতিদিনের মতো গতকালও রাত আটটার দিকে ওভারটাইম করা এক হাজার শ্রমিককে নাশতা দেওয়া হয়। দুই শতাধিক শ্রমিক ওই নাশতা খাওয়ার কিছুক্ষণ পর সবাই মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তাঁদের মুখ দিয়ে ফেনা উঠতে থাকে।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমীর হোসেন বলেন, এ ঘটনায় গতকাল পুলিশ ও ওই কারখানার জ্যেষ্ঠ কর্মকর্তা (প্রশাসন) ওবাইদুর রহমানের পক্ষ থেকে পৃথক দুটি জিডি করা হয়েছে। সফিপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক শাহরিয়ার ইকবাল প্রথম আলোকে জানান, খাবারগুলো পলিথিনে রাখায় অথবা অন্য কোনো কারণে এতে বিষক্রিয়ার সৃষ্টি হয়।কারখানার জ্যেষ্ঠ কর্মকর্তা (প্রশাসন) ওবাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঠিকাদার শফিকুল ইসলামের কাছ থেকে আর খাবার নেওয়া হবে না। অসুস্থ শ্রমিকদের চিকিৎসার যাবতীয় ব্যয়ভার কারখানা কর্তৃপক্ষ বহন করবে।