কালিয়াকৈরে খামারে আগুন ১২ হাজার মুরগি পুড়ে ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার একটি খামারে অগ্নিকাণ্ডে প্রায় ১২ হাজার মুরগি পুড়ে ছাই হয়েছে। এ ছাড়া আগুনের তাপ ও ধোঁয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ১৮ হাজার মুরগি। গতকাল শনিবার সন্ধ্যায় আকুলিচালা এলাকার ঢাকা হ্যাচারি খামারে এ ঘটনা ঘটে। খামার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সন্ধ্যা ছয়টার দিকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তে তা খামারের পুরো শেডে ছড়িয়ে পড়ে। এ সময় খামারের ছয়টি শেডের মধ্যে দ্বিতীয় শেডে থাকা ১২ হাজার মুরগি পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনের তাপ ও ধোঁয়ায় অন্য দুটি শেডের প্রায় ১৮ হাজার মুরগি ক্ষতিগ্রস্ত হয়।ওই খামারের ব্যবস্থাপক আবুল হোসেন জানান, খামারের দ্বিতীয় শেডে থাকা প্যান্টেস স্টকের ৪৫ সপ্তাহ, ৪৮ সপ্তাহ ও ১৬ সপ্তাহের প্রায় ৩০ হাজার মুরগি ছিল। অগ্নিকাণ্ডে চার-পাঁচ কেজি ওজনের প্রায় ১২ হাজার মুরগি পুড়ে ছাই হয়ে গেছে এবং অন্য দুটি শেডে অতিরিক্ত তাপের কারণে প্রায় ১৮ হাজার মুরগি ক্ষতিগ্রস্ত হয়েছে, যা পর্যায়ক্রমে মরে যাচ্ছে। এতে প্রায় পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।কালিয়াকৈর ফায়ার স্টেশনের কর্মকর্তা আবদুস সামাদ জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে খামারে আগুনের সূত্রপাত হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ণয় করা সম্ভব হয়নি।পোশাক কারখানায় আগুন, আহত ১০উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় একটি পোশাক তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে ১০ জন শ্রমিক আহত হয়েছেন। গতকাল শনিবার ডেনিমস লিমিটেড নামের একটি পোশাক তৈরির কারখানায় এ ঘটনা ঘটে।কারখানা কর্তৃপক্ষ ও দমকল সূত্রে জানা গেছে, সকাল আটটার দিকে ওই কারখানায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। এ সময় আতঙ্কে তাড়াহুড়ো করে বের হওয়ার সময় কমপক্ষে ১০ জন শ্রমিক আহত হন। কারখানার নিজস্ব দমকল বাহিনী ও শ্রমিকেরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আহত ব্যক্তিদের চন্দ্রা জনসেবা ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।