কালিয়াকৈরে গাছ লাগিয়ে বিদ্যালয়ের মাঠ দখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভান্নারা গ্রামের ভান্নারা আদর্শ উচ্চবিদ্যালয়ের মাঠে বন বিভাগের লোকজন গাছ লাগিয়ে মাঠটি দখল করে নিয়েছে। ওই ঘটনাকে কেন্দ্র করে বন কর্মকর্তা ও গ্রামবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে।এলাকাবাসী ও স্কুল কর্তৃপক্ষ জানায়, ওই মাঠে ১০-১২ বছর ধরে ছেলেমেয়েরা খেলাধুলা করে আসছিল। ২০০৩ সালে গ্রামবাসী মাঠের পাশে ওই স্কুল প্রতিষ্ঠা করে। তিন শতাধিক শিক্ষার্থী মাঠে খেলাধুলা করত। হঠাৎ করেই গতকাল শুক্রবার সকালে বন বিভাগের চন্দ্রা রেঞ্জ কর্মকর্তা সফিউদ্দিনের নেতৃত্বে ১৪ থেকে ১৫ জন শ্রমিক ও বন কর্মকর্তা মাঠে বৃক্ষরোপণ শুরু করেন। এ খবর ছড়িয়ে পড়লে গ্রামবাসী বন কর্মকর্তাদের বাধা দেয়। এ সময় গ্রামবাসী ও বন কর্মকর্তাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মৌচাক পুলিশ ফাঁড়ির একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুল আলম জানান, খেলার মাঠের জমি বন বিভাগের থাকলেও দীর্ঘদিন ধরে গ্রামবাসী ও স্কুলের শিক্ষার্থীরা খেলাধুলায় ব্যবহার করে আসছিল। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে সেটির দখল নেওয়া এলাকাবাসী মেনে নিতে পারছে না। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে।বন বিভাগের চন্দ্রা রেঞ্জের কর্মকর্তা সফিউদ্দিন জানান, ঊর্ধ্বতন বন কর্মকর্তাদের নির্দেশে ওই খেলার মাঠে সৃজনশীল বাগান করা হয়েছে।