কালিয়াকৈরে গৃহবধূ নির্যাতনের ঘটনায় একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কুন্দাঘাটা গ্রামের এক গৃহবধূকে নির্যাতনের ঘটনায় গত রোববার তাঁর দেবর রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১৯ এপ্রিল ওই গৃহবধূকে ঘরের ভেতর আটকে রেখে মাথার চুল কেটে, শরীরে সিগারেটের ছ্যাঁকা দিয়ে নির্যাতন করা হয়। পরে গৃহবধূর বাবা কালিয়াকৈর থানায় মামলা করেন।পুলিশ জানায়, উপজেলার কুটামণি এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ওই মামলার আসামি রফিকুলকে গ্রেপ্তার করা হয়। মামলার অপর দুই আসামি রফিকুলের বাবা বোয়ালী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মোয়াজ্জেম হোসেন এবং ওই গৃহবধূর স্বামী শরিফ আল মামুন পলাতক রয়েছেন। সম্প্রতি মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসী উপজেলার লতিফপুর এলাকায় মানববন্ধন করেন। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।