কালিয়াকৈরে গৃহবধূর লাশ উদ্ধার
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গতকাল বৃহস্পতিবার রোনজিনা খাতুন নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, গৃহবধূর স্বামী জাহিদ হাসান তাঁকে শ্বাসরোধে হত্যা করেছেন। ঘটনার পর থেকে তিনি পলাতক।
রোনজিনা খাতুন (২৪) কুড়িগ্রামের চিলমারী থানার দফাদারপাড়া গ্রামের আমিন উদ্দিনের মেয়ে। এ ঘটনায় আমিন উদ্দিন বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা করেছেন। জানা গেছে, এক বছর আগে যশোর সদর থানার জাহিদ হাসানের (৩০) সঙ্গে কারখানার কর্মী রোনজিনার বিয়ে হয়। এক মাস ধরে জাহিদ তাঁর স্ত্রীকে বাবার বাড়ি থেকে কিছু টাকা আনার জন্য চাপ দিচ্ছিলেন। গত মঙ্গলবার রোনজিনা তাঁর বাবার ভাড়াবাড়িতে গিয়ে কিছু টাকা দিতে বলেন। পরে স্বামীর বাসায় ফিরে আসেন। পরদিন বুধবার রাতে রোনজিনার বাবা মেয়ের মুঠোফোন বন্ধ পান। সন্দেহ হলে গতকাল বৃহস্পতিবার সকালে তিনি মেয়ের বাসায় এসে ঘরে তালা ঝুলতে দেখেন। পরে ঘরের জানালার ফাঁক দিয়ে দেখেন, মেয়ে বিছানায় পড়ে আছে। পরে বাড়ির অন্যদের সহযোগিতায় ঘরের তালা ভেঙে রোনজিনাকে মৃত অবস্থায় পান।